সড়কে নবজাতক ফেলে পালানোর চেষ্টা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ভেতর সন্তান প্রসবের পর নবজাতককে সড়কের পাশে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেছেন এক কিশোরী মা । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনায় স্থানীয়রা ওই নারী ও অটোরিকশাচালককে আটক করে পুলিশে খবর দেন। পরে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা থেকে একটি নবজাতক রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নবজাতকের শরীরে আঘাতের চিহ্ন থাকায় সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নবজাতক ও তার মাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন আরমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা গোপনে আদালতে বিয়ে করেন বলে দাবি করা হয়েছে। পরে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার কথা সালাউদ্দিনকে জানান। তবে পরবর্তীতে সালাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা ওই বিয়ের বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই কিশোরী। এরপর সামসু নামে এক সিএনজি চালকের সঙ্গে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথে অটোরিকশার মধ্যেই তিনি সন্তান প্রসব করেন।

পরে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য জরুরি বিভাগে গেলে বিষয়টি নিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সন্দেহ হয়। 

স্থানীয়রা বলেন,নবজাতককে হাসপাতালের সামনের সড়কের পাশে রেখে চলে যাওয়ার চেষ্টা করা হলে তারা ওই কিশোরী ও সিএনজি চালককে আটক করেন এবং পুলিশকে খবর দেন।

অভিযুক্ত সালাউদ্দিন আরমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে সংযোগ পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতক ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম.সি.এইচ
আরও পড়ুন