স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয় ব্যবহার করে জমি দখলের অভিযোগ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) পরিচয় ব্যবহার করে জমি দখল, জাল দলিল তৈরি, প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ছাফওয়ানুল করিম ছাফওয়ান, আলেমুল হক ও হোসেন আরা ইদ্রিসসহ কয়েকজনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ভুক্তভোগীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা নিজেদের প্রভাবশালী পরিচয় কাজে লাগিয়ে সাধারণ মানুষের সম্পত্তি দখল, জাল কাগজপত্র তৈরি ও প্রতারণার মাধ্যমে হয়রানি করে আসছেন। তাদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার এবং ভুক্তভোগীদের ভয়ভীতি দেখানো হয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অনিয়মের অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। জাল দলিল ও দখলের ঘটনায় একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত এবং হয়রানির শিকার হচ্ছে বলেও দাবি করেন তারা।

মানববন্ধন থেকে অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে জাল দলিল ও দখলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্পত্তি উদ্ধারের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

তবে মানববন্ধনে ওঠা অভিযোগের বিষয়ে ছাফওয়ানুল করিম ছাফওয়ান, আলেমুল হক ও হোসেন আরা ইদ্রিসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এম.সি.এইচ
আরও পড়ুন