মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ঘোষনা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম মো. শফিকুল হক জানান, বিশ্বরোড এলাকায় থাকা পাঁচটি সিএনজি পাম্প ও বিসিক এলাকার জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। পৃথক লাইন স্থাপন করা হলে শিল্পকারখানা ও সিএনজি পাম্পগুলোতে গ্যাসের চাপ বাড়বে। একই সঙ্গে আবাসিক গ্রাহকদের গ্যাস-সংকটও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হতে পারে।

এদিকে দীর্ঘদিনের গ্যাস-সংকটের মধ্যে নতুন করে ১৪ ঘণ্টা সরবরাহ বন্ধ রাখার ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস ধরে পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম থাকা এবং অনিয়মিত সরবরাহের কারণে তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর মধ্যে একটানা ১৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার খবরে তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

গ্রাহকেরা জানান, গ্যাসের চাপ কম থাকায় নিয়মিত রান্নাবান্নায় সমস্যা হচ্ছে। দিনের বিভিন্ন সময়ে গ্যাস না থাকায় বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে। দীর্ঘদিনের এই সংকট সমাধানের দাবিতে এর আগেও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে আন্দোলন, মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

তাদের দাবি, সাময়িক মেরামতের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস-সংকটের স্থায়ী সমাধান করতে হবে।

এম.সি.এইচ
আরও পড়ুন