মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. এরশাদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীর তীরে জালসহ তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

নিহত এরশাদ সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের আবদুস সোবহানের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি মেঘনা নদীতে ঠেলা জাল দিয়ে চিংড়িসহ বিভিন্ন ধরনের মাছ ধরতেন। তিনি চার সন্তানের বাবা।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে এরশাদের ভগ্নিপতি মো. নুর উদ্দিন জানান, গত রোববার ঠেলা জাল নিয়ে মাছ ধরতে স্বন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীতে যান এরশাদ। এরপর থেকে তার সঙ্গে পরিবারের লোকজনের যোগাযোগ ছিল না। মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়রা নদীর তীরে জালসহ তার মরদেহ ভাসতে দেখে খবর দেন।

নুর উদ্দিন বলেন, এরশাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পরিবারের ধারণা।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তারা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে ঘাটের দিকে আসছেন। মরদেহ পরীক্ষা করে শরীরে কোনো আঘাতের চিহ্ন না পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হবে।

এম.সি.এইচ
আরও পড়ুন