কক্সবাজারের রামুতে পর্যটকবাহী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. আলিফ প্রকাশ আকাশ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আলিফ কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দরিয়ানগর বড়ছড়া এলাকার বাসিন্দা। তার বাবা জাবেদ হোসেন এবং মা হোসনে আরা বেগম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার পেঁচারদ্বীপ-হিমছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, হিমছড়ি বন বিভাগের পশ্চিম পাশে সড়কের ওপর একটি পর্যটকবাহী চান্দের গাড়িতে তল্লাশি চালান কর্মকর্তারা। এ সময় গাড়িতে থাকা একটি নীল রঙের ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধার করা ইয়াবাগুলো চারটি বড় প্যাকেটে রাখা ছিল। প্রতিটি বড় প্যাকেটের ভেতরে ছিল পাঁচটি করে বান্ডেল। প্রতিটি বান্ডেলে ১০টি করে নীল রঙের জিপারলক পলি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ছিল ২০০ পিস ইয়াবা। প্যাকেটসহ উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩ কেজি ৮০০ গ্রাম। অভিযানে একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
সোমেন মণ্ডল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার আলিফের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে জন্ম নিল কন্যাশিশু
আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার