অপ্রতীম হত্যা মামলা: চার্জ গঠনের শুনানি আজ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম

মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে বাড়ি থেকে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতীম। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তার। নিখোঁজ হওয়ার পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় তার রক্তাক্ত মরদেহ।

রোববার (২৯ নভেম্বর) চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তদন্তে নেমে পুলিশ জানায়, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়। পরে এ ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করা হয়। তাঁদের একজনের বাসা থেকে উদ্ধার করা হয় অপ্রতীমের ব্যবহৃত মোবাইল ফোন।

গত ২০ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। অভিযুক্তদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার হবে শিশু আদালতে। অন্য দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে কুমিল্লার সেশন আদালতে। মামলায় আজ চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কাইমুল হক রিংকু বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। আসামিরাও কারাগারে রয়েছেন। এখন বিচারিক কার্যক্রম শুরু হবে। যাদের বয়স ১৮ বছরের কম, তাদের অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের বিচারপ্রক্রিয়া আলাদা শিশু আদালতে সম্পন্ন হয়।

সন্তান হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি অপ্রতীমের পরিবার। দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যাশা স্বজনদের।

অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, রাষ্ট্র ও বিচার বিভাগের প্রতি তাঁর আস্থা রয়েছে। তদন্ত ও অভিযোগপত্রে যাঁদের নাম এসেছে, তাঁদের বিচার যেন সর্বোচ্চ পর্যায়ে হয় এবং দ্রুততম সময়ে সম্পন্ন হয়, সেটিই তাঁর প্রত্যাশা।

১৩ বছর বয়সী অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত