উদ্ভাবনী মেধার স্বীকৃতি

গাজীপুরে জেলা পর্যায়ে প্রথম খৈকড়া ও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:০৪ এএম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খৈকড়া উচ্চ বিদ্যালয় ও কাপাসিয়া উপজেলার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে জেলা পর্যায়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্যে বিদ্যালয় দুটির প্রাঙ্গন জুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে।

রোববার (১৪ জুন) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, খৈকড়া ও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মাননা গ্রহণের পর খৈকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্তি বীর বলেন, “এই অর্জন আমাদের শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফল। বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তায় শিক্ষার্থীদের আরও এগিয়ে নিতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য বয়ে আনবে বলে আমরা আশাবাদী।”

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, “বর্তমান যুগে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। খৈকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে মেধা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এ অর্জন কালীগঞ্জ উপজেলার জন্য গর্বের এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

সংশ্লিষ্টরা জানান, স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের মধ্যেও খৈকড়া উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রথম স্থান লাভ করেছে। এই অর্জন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যতে বিজ্ঞান ও উদ্ভাবনের পথে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, আগামী ১৮ জুন জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে। সেখানে গাজীপুর জেলার প্রতিনিধিত্ব করবে কালীগঞ্জ উপজেলার খৈকড়া উচ্চ বিদ্যালয় এবং কাপাসিয়া উপজেলার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। জেলার এই দুই প্রতিষ্ঠানের দিকে এখন তাকিয়ে রয়েছে গাজীপুরবাসী।

YA
আরও পড়ুন