নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একই রাতে পৃথক স্থানে সশস্ত্র ডাকাত দলের হামলায় এক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া অপর একটি বাড়িতে ডাকাতি চালিয়ে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী আতাদী এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধন্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার খান ওরফে ফরহাদ মাস্টারের ছেলে সাকিব আল নাহিদ বর্তমানে কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। ছুটিতে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
রাতে বিদ্যুৎ না থাকায় সাকিব আল নাহিদ কয়েকজন বন্ধুকে নিয়ে বাড়ির পাশের সড়কে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় রাত ১টার দিকে ১০ থেকে ১২ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে।
চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)। তাকেও হামলার শিকার হতে হয়।
এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব আল নাহিদ, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং ডালিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সবাইকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে একই ঘটনার প্রায় এক ঘণ্টা পর পার্শ্ববর্তী রাইনাদী আতাদী এলাকায় সুমনের বাড়িতে হানা দেয় ডাকাত দল। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা গ্রহণ করা হবে এবং তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই রাতে সংঘটিত এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শাশুড়ির অত্যাচারে সংসার ছাড়লেন সুমি, ফিরলেন বাবার বাড়িতে
ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক
২২৯ কোটি টাকার প্রকল্পেও বাড়েনি ইলিশ উৎপাদন