আহত রাজহাঁস কোলে থানায় তরুণী, প্রতিবেশীর বিরুদ্ধে হামলার অভিযোগ

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:০২ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে রাজহাঁসের পা ভেঙে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর এক ঘটনার সৃষ্টি হয়েছে। নিজের পোষা রাজহাঁসের ওপর নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সুরমা (২০) নামে এক নারী। পরে আহত রাজহাঁসটিকে সঙ্গে নিয়েই থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার বাড়ৈখালি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, তার পোষা একটি রাজহাঁস ভুলবশত প্রতিবেশীর বাড়িতে ঢুকে পড়ে। এ সময় প্রতিবেশীরা হাঁসটির একটি পা ভেঙে দেয়। বিষয়টি জানতে পেরে সুরমা প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে তার ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত সুরমাকে উদ্ধার করেন। পরে তিনি চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

সুরমা জানান, একটি নিরীহ প্রাণীর ওপর এমন নিষ্ঠুর আচরণের প্রতিবাদ করতেই তাকে হামলার শিকার হতে হয়েছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার পর আহত রাজহাঁসটিকে সঙ্গে নিয়ে শ্রীনগর থানায় হাজির হন সুরমা। সেখানে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মিল্টন দত্ত বলেন, ‘সুরমা নামে এক নারী আহত রাজহাঁস নিয়ে থানায় এসে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে, আহত রাজহাঁসকে নিয়ে থানায় অভিযোগ দায়েরের ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত