গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় মাদকসেবীদের হট্টগোল ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫টি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করেছে পুলিশ। অভিযানকালে ২০ জন মাদকসেবীকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম ও বেশ কিছু দেশীয় অস্ত্র।
রোববার (১২ জুলাই) বিকেলে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে গতকাল বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার বস্তিতে এই যৌথ অভিযান চালানো হয়। এই বস্তিটি এলাকায় মাদকের বড় আখড়া হিসেবে পরিচিত। এখানকার মাদক ব্যবসার মূল নিয়ন্ত্রক কিং বাবু ও শাহাবুদ্দিনের আস্তানা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল হাজীর মাজার বস্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং অভিযুক্তদের গ্রেফতার করতে গেলে মাদকসেবী ও মাদক কারবারিরা জড়ো হয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ও শান্ত রাখতে পুলিশ ৫টি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে।
পরে তল্লাশি চালিয়ে ২০ জন মাদকসেবীকে গ্রেফতার করার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং ক্ষতিকর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদকসেবীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধমুক্ত ও নিরাপদ গাজীপুর গড়তে এই ধরনের মাদকবিরোধী ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
ট্রেন লাইনে নিশ্চিন্তে ঘুম , কাটা পড়ে মৃত্যু
জামালপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ