গাজীপুরের টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসায় বিভিন্ন শ্রেণির পরীক্ষায় অসাধুপায় অবলম্বন ও উত্তরপত্রে কারচুপির (ট্যাম্পারিং) অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত প্রতিষ্ঠানের এক বিশেষ নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে স্বাক্ষর করেন অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান এবং পরীক্ষা-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোহাম্মদ সালমান।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা-২০২৬-এ অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী উত্তরপত্রে কারচুপি ও বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করেন। পরে উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতদের মধ্যে আলিম প্রথম বর্ষের ১২ জন, সপ্তম শ্রেণির ৮ জন, অষ্টম শ্রেণির ৩ জন, নবম শ্রেণির ২ জন, দশম শ্রেণির ৩ জন এবং ষষ্ঠ শ্রেণির ২ জন শিক্ষার্থী রয়েছেন।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ইংরেজি দ্বিতীয় পত্রে সর্বাধিক ১১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, আইসিটি, নাহু, বালাগাত-মানতিক, কুরআন, পৌরনীতি, ইতিহাস এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পরীক্ষায়ও অনিয়মের ঘটনা ধরা পড়েছে।
অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, প্রতিষ্ঠানের সুনাম, শিক্ষার মান, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরীক্ষায় জালিয়াতি বা অসাধুপায়ের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
একই সঙ্গে বরখাস্ত হলেন ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী
ইজারা ছাড়াই বালু উত্তোলন, হুমকির মুখে ব্রীজ
চিকিৎসক সংকটে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল