কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দুইটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন দুই জন পরীক্ষার্থী। তবে প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় দায়িত্ব পালন করেন ১৭ জন করে কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত পরীক্ষার তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ কেন্দ্রে ও তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই চিত্র দেখা যায়।
জানা যায়, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭০৫ জন। তবে এদিন ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন কেবল একজন পরীক্ষার্থী। তিনি হাজী মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, নীলগঞ্জের শিক্ষার্থী রাকিব মিয়া। এই কেন্দ্রে হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন আনেয়ার হোসেন।
এ ছাড়া দুই জন সহকারী হল সুপার, দুই জন কক্ষ পরিদর্শক, পাঁচ জন সহায়ক কর্মচারী, তিন জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার এবং ট্যাগ অফিসার হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালন করেন।
অন্যদিকে তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও একই বিষয়ে পরীক্ষায় অংশ নেন মাত্র একজন পরীক্ষার্থী। তিনি প্রিয় রঞ্জন বর্মন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দামসুর এলাকায়। এ কেন্দ্রেও একজন পরীক্ষার্থীর জন্য ১৭ জন কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।
পরীক্ষা চলাকালে দুটি কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী। তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ ও পরীক্ষা পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার্থী সংখ্যা কম হলেও শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে পরীক্ষা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করা হয়েছে।
ট্রাকচাপায় শিশুর মত্যু, চালক আটক
নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর বাস, নিহত ৬