ফরিদপুরের মধুখালীতে এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামাল মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত জামাল মোল্লা মধুখালী উপজেলার মাবকান্দি পশ্চিমপাড়া এলাকার মৃত মোমিন মোল্লার ছেলে। ভুক্তভোগী শিশুটির বাড়ি রাজবাড়ী সদর থানার বানিয়াবহু হুগলাডাঙ্গী গ্রামে।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২৬ সালের ৩ মে বিকেলে শিশুটি দর্জির বাড়ি থেকে জামা আনতে গিয়ে দর্জিকে না পেয়ে আসামির বাড়ির উঠানে তার নাতনিসহ অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় জামাল মোল্লা শিশুটিকে ফুঁসলিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি নিজেকে ছাড়িয়ে পালিয়ে যাওয়ার সময় সিঁড়ির ওপর পড়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। ঘটনার পর আসামি জামাল মোল্লা এলাকা থেকে পালিয়ে আত্মগোপন করেন। পরে ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে এই রায় দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. গোলাম রব্বানী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামির বিরুদ্ধে এই রায় দিয়েছে।
কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো বাইসাইকেল আরোহীর
প্রেমিকার মৃত্যুর খবর শুনে বিষপানে প্রেমিকের মৃত্যু