ফরিদপুরে গাঁজা সেবনের সময় ৪ জন আটক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পিএম

ফরিদপুরের সদরপুরে গাঁজা সেবনের সময় চারজনকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদরপুর সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামের মৃত মনিরুদ্দিন ফকিরের ছেলে জহুরুল হক ফকির (৬০), বাদশা মিয়ার ছেলে করিম মিয়া (৪৬), বদরুদ্দিন খলিফার ছেলে ফিরোজ খলিফা (৪৮) এবং সাড়ে সাত রশি গ্রামের হালিম সর্দারের ছেলে ইমরান সর্দার (২৯)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর বেলায়েত হোসেন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শ্যামপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিন বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এম.সি.এইচ
আরও পড়ুন