হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ এএম

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (৯ নভেম্বর) হোয়াইট হাউসে তাঁদের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের প্রকাশিত সূচি অনুযায়ী, বৈঠকটি হবে রুদ্ধদ্বার।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে কাতার। দুই দেশের মধ্যে বিভিন্ন প্রস্তাব আদান-প্রদানের পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সংঘাত অবসানের শর্ত নিয়ে মতপার্থক্য কমানোর চেষ্টা করছে দোহা।

বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। শিগগিরই কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনাও তিনি দেখছেন না।

অন্যদিকে, ট্রাম্প বলেছেন, আলোচনায় অগ্রগতি অব্যাহত থাকলে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। এমন পরিস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠককে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় দোহারের মধ্যস্থতামূলক ভূমিকার প্রেক্ষাপটে দেখা হচ্ছে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত