কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের পর নদীতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
এর ধারাবাহিকতায় শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান চালায়। একপর্যায়ে টেকনাফ থানার নাজিরপাড়া সংলগ্ন নদীতে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধের সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটে থাকা ব্যক্তিরা মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।
পরে নদীতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে অভিযানকারী দল। জব্দ করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড কাজ করে যাচ্ছে।
পদত্যাগের পর এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে মরিয়া জেনসেন হুয়াং