কাপাসিয়ায় ছুরিকাঘাতে স্কুল দপ্তরি নিহত, আটক ১

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০১:০০ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কীর্তুনিয়া ইউসুফ আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। অভিযুক্ত আসাদুল্লাহকে আটক করেছে থানা পুলিশ। 

নিহত আরিফ হোসেন (৩০) ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী এবং কীর্তুনিয়া গ্রামের মৃত মালেক ভূঁইয়ার ছেলে।

রোববার দুপুর ১২টা ৩০মিনিটের দিকে, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া ইউসুফ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সামনে হিরনের দোকানে এ ঘটনা ঘটে। 

কাপাসিয়া থানার ইন্সপেক্টর তদন্ত রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত আসাদুল্লাহকে আটক করা হয়েছে। তিনি কীর্ত্তনিয়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে। 

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, ‘স্কুল চলাকালীন সময়ে আরিফ হোসেন স্কুলের বাইরে যান। কিছুক্ষণ পর খবর পাই, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’

বারিষাব ইউনিয়নের ২নং নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান উদ্দিন বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি, আরিফ হোসেন স্কুলের পাশের হিরনের দোকানে বসে ছিলেন। এ সময় এক দুর্বৃত্ত এসে হঠাৎ পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন হামলাকারীকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।’

প্রত্যক্ষদর্শী হিরণ মিয়া জানান, আরিফ আমার দোকানে এসে বসে ছিলে ঘাতক আসাদুল্লাহ পিছন দিয়ে এসে ছুরি দিয়ে আঘাত করলে সাথে সাথে আরিফ মাটিতে পড়ে যায়। আশেপাশের লোকজন আসাদুল্লাহকে আটক করলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। 

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আল আমিন হোসেন রাকিব বলেন ‘আহত অবস্থায় আরিফ হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পুর্ব বিরোধের জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।

MMS
আরও পড়ুন