ঝিনাইদহ পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পরপরই হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর নিজের ফেসবুক স্ট্যাটাসে হামলার বর্ণনা দিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তিনি ঝিনাইদহে যান। জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পরপরই হামলার মুখে পড়েন।
ফেসবুক পোস্টে তিনি জানান, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর হকিস্টিক দিয়ে অতর্কিত আঘাত করা হয়।
পাটওয়ারী বলেন, তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানান, শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।
তবে এ ঘটনায় ছাত্রদল, যুবদল বা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।