তাবাচ্ছুম হত্যা মামলা ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে আলোচিত চার বছর বয়সী শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৭ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার একমাত্র আসামি আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগ গঠনের একদিন পর এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

ঝিনাইদহ আদালতের কোর্ট ইন্সপেক্টর মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব দ্রুতগতিতে এগিয়ে চলছে।

আদালত সূত্রে জানা গেছে, সরকারের বিশেষ নির্দেশনায় দ্রুত বিচার কার্যক্রমের আওতায় ঘটনার মাত্র ১১০ দিনের মাথায় মামলার বিচারকাজ শুরু হয়েছে| এর আগে মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামানের আদালতে শুনানি শেষে আসামি আবু তাহেরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়|

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামে নিখোঁজ হওয়ার পর চার বছর বয়সী তাবাচ্ছুমের মরদেহ স্থানীয় একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়| এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ একই রাতে কুষ্টিয়া থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করে।

নিহত শিশুর পরিবারের সদস্যরা দ্রুত বিচার সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

MCH/AHA
আরও পড়ুন