ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫ নম্বর শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামের বউবাজার পাড়ায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আফছার আলী মণ্ডলের বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ঘটনাটি গত ৫ জুন সকাল ৮টার দিকে ঘটে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত আফছার আলী জানান, প্রায় ২২-২৩ বছর আগে তিনি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে শ্যামকুড় মৌজার ২৭৮২ নম্বর খতিয়ানের ৫৬, ৫৭ ও ৫৮ দাগের ১২ শতক জমি ক্রয় করেন। এরপর প্রায় ২০-২১ বছর আগে সেখানে পাকা বসতবাড়ি নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস শুরু করেন।
তিনি অভিযোগ করেন, বাড়ির পাশের বাসিন্দা সুলতান আহাম্মেদ দীর্ঘদিন ধরে বিভিন্ন কাগজপত্র দেখিয়ে জমিটির মালিকানা দাবি করে আসছেন এবং এ নিয়ে থানা ও আদালতে একাধিক মামলা দায়ের করেছেন। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
আফছার আলীর দাবি, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষ প্রকাশ্যে তার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির প্রাচীর, বাথরুম, টিউবওয়েল, গোসলখানা, রান্নাঘর, গোয়ালঘর ও প্রবেশদ্বার ভেঙে ফেলে। এতে তিনি পরিবার-পরিজন নিয়ে অসহায় অবস্থায় প্রাচীরবিহীন বাড়িতে বসবাস করতে বাধ্য হচ্ছেন।
এ ঘটনায় আফছার আলী বাদী হয়ে সুলতান আহাম্মেদসহ ৬ জনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং উভয় পক্ষকে নিয়ে থানায় সমঝোতার উদ্যোগ নেয়। তবে সেখানে কোনো সমাধান না হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয়। একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত সুলতান আহাম্মেদ বলেন, “জমিটি আমার পৈতৃক সম্পত্তি। বৈধ কাগজপত্র অনুযায়ী আমিই জমির মালিক। আফছার আলী অবৈধভাবে কাগজপত্র তৈরি করে জমি দখল করে বসবাস করছে। আদালতের মামলায় আমি রায় পেয়েছি। সেই রায়ের বিরুদ্ধে আফছার আলী আবার আপিল করেছে।”
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি জমিজমা সংক্রান্ত বিরোধের সঙ্গে জড়িত। উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দ্রুত বিরোধের সুরাহা না হলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইজিবাইকের চার্জে বাড়ছে বিদ্যুতের চাপ, ভোগান্তিতে গ্রাহক
সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত