ফুটবলের ক্ষুদে ভক্তে আবীরকে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উপহার

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম

ঝিনাইদহে আর্জেন্টিনার এক ক্ষুদে ফুটবল ভক্তের আবেগ ও ভালোবাসা স্থানীয় ক্রীড়ামোদীদের হৃদয় ছুঁয়েছে। নিজ হাতে প্লাস্টিক ও কাগজ দিয়ে আর্জেন্টিনার একটি পতাকা তৈরি করে বাড়ির পাশে টাঙিয়ে রাখে। প্রিয় দলের প্রতি তার ভালোবাসার স্বীকৃতি হিসেবে তাকে আর্জেন্টিনার জার্সি, পতাকা ও একটি ফুটবল উপহার দিয়েছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ।

বৃহস্পতিবার (১৮ জুন) ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি উত্তরপাড়ার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবীরের বাড়িতে গিয়ে এসব উপহার তুলে দেন ফ্যান ক্লাবের সদস্যরা।

জানা যায়, আবীর একজন আর্জেন্টিনা সমর্থক এবং তার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। আর্থিক অসচ্ছলতার কারণে প্রিয় দলের পতাকা কেনার সামর্থ্য না থাকলেও তার ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না। সে নিজ হাতে প্লাস্টিক ও কাগজ দিয়ে আর্জেন্টিনার একটি পতাকা তৈরি করে বাড়ির পাশে টাঙিয়ে রাখে।

আবীরের এই ব্যতিক্রমী ভালোবাসার বিষয়টি আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের সদস্যদের নজরে এলে তারা তার বাড়িতে যান। পরে তাকে একটি নতুন আর্জেন্টিনা জার্সি, পতাকা এবং ফুটবল উপহার দেওয়া হয়।

উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের এডমিন শাহীনুর আলম লিটন, স্টার নিউজের ঝিনাইদহ প্রতিনিধি শাহাজাহান নবীন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান জিকু, জিহান লিমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও ফ্যান ক্লাবের অন্যান্য সদস্যরা।

আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের সদস্যরা বলেন, একজন শিশুর স্বপ্ন ও ভালোবাসাকে সম্মান জানাতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আবীরের মতো স্বপ্নবাজ শিশুদের পাশে দাঁড়ানোই তাদের দায়িত্ব।

আবীরের পিতা আলিউল ইসলাম (গ্রিল মিস্ত্রি) বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে সন্তানের সব চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। তবে তার ফুটবলপ্রেম ও প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখে তিনি গর্বিত।

ভুটিয়ারগাতি গ্রামের শওকত আলী বলেন, আবীর ছোটবেলা থেকেই ফুটবলপ্রেমী। নিজের হাতে পতাকা বানিয়ে তার ভালোবাসা প্রকাশ করাটা সত্যিই প্রশংসনীয়।

আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের এডমিন শাহীনুর আলম লিটন বলেন, আবীরের মতো ক্ষুদে ভক্তদের ভালোবাসাই তাদের অনুপ্রেরণা। তারা চান এই শিশুদের স্বপ্ন একদিন বাস্তবে রূপ নিক এবং তারা দেশের জন্য গৌরব বয়ে আনুক।

উপহার পেয়ে আবীর আবেগাপ্লুত হয়ে পড়ে। প্রিয় দলের জার্সি, পতাকা ও ফুটবল হাতে পেয়ে তার চোখে আনন্দাশ্রু দেখা যায়। মুহূর্তেই সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আবীর জানায়, তার স্বপ্ন বড় হয়ে একজন ভালো ফুটবলার হওয়া। উপস্থিত সবাই তার স্বপ্ন পূরণের জন্য তাকে উৎসাহ ও শুভকামনা জানান।

Attr/AHA
আরও পড়ুন