বিশ্বকাপের মাঝপথে ব্রাজিল শিবিরে অবশেষে এলো বহুল প্রতীক্ষিত সুখবর। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া পেরিয়ে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন নেইমার। তার উপস্থিতিতে শুধু অনুশীলন মাঠই নয়, যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে সেলেসাওদের বিশ্বকাপ ক্যাম্প।
বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনের কলম্বিয়া পার্কে সতীর্থদের সঙ্গে প্রথমবারের মতো পুরো অনুশীলন সেশনে অংশ নেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। অনুশীলনের সময় তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। মারকিনিওস ও রাফিনিয়ার সঙ্গে হাসি-ঠাট্টা করতেও দেখা যায় এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে।
মাঠে উপস্থিত সাংবাদিকদের দিকে এগিয়ে গিয়ে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে নেইমার প্রশ্ন ছুড়ে দেন, ‘আমাকে মিস করেছ?’ তার এমন মন্তব্যে উপস্থিতদের মধ্যেও তৈরি হয় আনন্দঘন পরিবেশ। কেউ কেউ মজা করে বলে ওঠেন, ‘অবশেষে অপেক্ষার অবসান!’
মাত্র একদিন আগে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছিলেন নেইমার। সেই ধাপ সফলভাবে পার হওয়ার পর এবার দলীয় অনুশীলনেও যোগ দিলেন তিনি। ফলে শুক্রবার ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা আগের চেয়ে অনেকটাই বেড়েছে। যদিও তাকে শুরুর একাদশে দেখা যাবে কি না কিংবা কতক্ষণ খেলানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কোচিং স্টাফ।
নেইমারের প্রত্যাবর্তনকে বিশেষভাবে উদযাপন করেছেন তার সতীর্থরাও। অনুশীলনে তাকে করতালির মাধ্যমে স্বাগত জানানো হয়। এমনকি মজার ছলে ফুটবলাররা ‘গার্ড অব অনার’ ধরনের একটি টানেল তৈরি করে তাকে অভিনন্দন জানান।
বিশ্বকাপের মতো বড় আসরে নেইমারের অভিজ্ঞতা ও নেতৃত্ব ব্রাজিলের জন্য বাড়তি শক্তি হতে পারে। তাই তার পূর্ণাঙ্গ অনুশীলনে ফেরা শুধু একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং শিরোপা-স্বপ্নে বিভোর ব্রাজিলের জন্যও নতুন আশার বার্তা। এখন সবার চোখ হাইতির বিপক্ষে ম্যাচে, সেখানে নেইমারকে আবার সবুজ-হলুদ জার্সিতে মাঠে দেখা যায় কি না।
মেসিকে টপকে বিশ্বকাপে পেনাল্টির রাজা হ্যারি কেইন
আইভরি কোস্ট তারকার কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা
পর্তুগালের দরকার গোল, রোনালদোকে নয়