ঝিনাইদহের শিক্ষানুরাগী অধ্যাপক মাহবুবুর রহমান আর নেই

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
বুধবার (২৪ জুন) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার এশার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।
অধ্যাপক মাহবুবুর রহমানের মৃত্যুর খবরে ঝিনাইদহের শিক্ষাঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষককে শেষবারের মতো দেখতে তার ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীরা শহরের আদর্শপাড়ার বাসভবনে ভিড় জমান।
মরহুমের বড় ছেলে নাজমুস সাকিব জানান, ১৯৪২ সালে চুয়াডাঙ্গা জেলার খাসকররা ইউনিয়নের নওলামারি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার পিতা জন্মগ্রহণ করেন। তার দাদা (মরহুমের পিতা) ছিলেন মৌলভী আরশাদুল আলম। ছাত্রজীবন থেকেই অধ্যাপক মাহবুবুর রহমান অত্যন্ত প্রখর মেধার অধিকারী ছিলেন। শিক্ষা ও কর্মজীবনের সবক্ষেত্রেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
তিনি সর্বশেষ ২০০১ সালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ঝিনাইদহসহ পার্শ্ববর্তী অঞ্চলের হাজারো আলোকিত মানুষ গড়ার কারিগর ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
MCH/AHA
আরও পড়ুন