চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অসাবধানতাবশত ঘরের গ্রীলে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামে এই দুঃখজনক দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে এবং সে চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে জুবায়ের নিজের বাড়িতেই অবস্থান করছিল। একপর্যায়ে সে অসতর্কতাবশত বাড়ির জানালার গ্রীলে হাত দিলে তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু শাকিল ঘটনার বর্ণনা দিয়ে জানান, দুপুরে জুবায়ের বাড়িতে থাকার সময় হঠাৎ এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে বন্ধু ও স্বজনেরা দ্রুত হাসপাতালে ছুটে গেলেও তাকে আর জীবিত পাওয়া যায়নি। মূলত বাড়ির গ্রীলের সঙ্গে লেগে থাকা একটি বৈদ্যুতিক তারে লিকেজ ছিল, যার ফলে পুরো গ্রীলটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। বিষয়টি পরিবারের কারও জানা না থাকায় জুবায়ের সেখানে হাত দেওয়া মাত্রই এই দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, কিশোর জুবায়েরকে সম্পূর্ণ নিথর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে তাকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। মেধাবী এই কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কাপাসিয়ার ইউএইচও ডা. হাবিবুর রহমানের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের কর্মী ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫
পার্বতীপুরে নদীতে শাপলা তুলতে গিয়ে ভাবিসহ দুই ননদের মৃত্যু