গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) সকালে আহত একজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাদুড়গাছা গ্রামে এই ঘটনা ঘটে।

নিলুফা বেগম নামে এক বিধবা নারী জানান, গভীর রাতে তার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে ওই দুজন। চোরের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ধাওয়া করে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যায়। অন্যজন আহত হয়। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

MU
আরও পড়ুন