ডিসেম্বরে ঢাকায় আসছেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:২১ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন ঢাকা সফর আপাতত স্থগিত করা হয়েছে। নিজ দেশের চলমান অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। 

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র আরও জানিয়েছে, অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যস্ততার কারণে কেবল বাংলাদেশই নয়, থাইল্যান্ড সফরও স্থগিত করেছেন মালয়েশিয়ার সরকারপ্রধান।

এই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উভয় দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের সার্বিক কল্যাণ, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাওয়ার কথা ছিল।

উল্লেখ্য, এর আগে গত ২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আনোয়ার ইব্রাহিমের এই সফরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।

প্রসঙ্গত, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে গত জুন মাসে দেশটি সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেটিই ছিল তার প্রথম কোনো সরকারি বিদেশ সফর।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত