সাংবাদিককে সতর্ক করে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:৩০ এএম

কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিক হাসান ইমাম ইবনে হাবীবকে ‘তৌহিদী জনতা’র নামে দেওয়া একটি উড়োচিঠিতে লেখালেখি বন্ধ করার জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় প্রাণ নিয়ে ফিরতে পারবেন না বলেও হুমকি দেওয়া হয়েছে। তবে চিঠিটির প্রকৃত উৎস সম্পর্কে তিনি সন্দিহান।

বুধবার (২৬ আগস্ট) ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। 

ভুক্তভোগী হাসান ইমাম রুবেল সিনিয়র রিপোর্টার হিসেবে গণমাধ্যমে দীর্ঘ সময় কাজ করেছেন। বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে লেখালেখি করেন বলে জিডিতে উল্লেখ করেন।

এদিকে উড়ো চিঠিতে তাকে ছাত্রজীবন থেকেই বামপন্থী রাজনীতিতে যুক্ত এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে যুক্ত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এটি পরিহার না করলে তাকে যেকোনো উপায়ে কতল করারও হুমকি দেওয়া হয়।

জিডিতে হাসান ইমাম রুবেল জানান, বুধবার ভোরে ভেড়ামারা থানাধীন হিড়িমদিয়া গ্রামের বাড়ির মূল ফটকের নিচ দিয়ে সাধারণ একটি খামে ‘তৌহিদী জনতা’র নামে একটি চিঠি রেখে যাওয়া হয়। চিঠিতে তার ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস, মন্তব্য ও লেখালেখি প্রসঙ্গ উল্লেখ করে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে এসব লেখালেখি বন্ধ করার জন্য সতর্ক করা হয়, অন্যথায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

চিঠিতে তার ব্যক্তিগত পরিচয় ও বিভিন্ন বিষয়ে তথ্য থাকার দাবি করা হয়েছে। পাশাপাশি তার চলাফেরার ওপর নজর রাখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়। এসব বক্তব্যের কারণে নিজের নিরাপত্তা নিয়ে গুরুতরভাবে শঙ্কিত ও উদ্বিগ্ন বলে জিডির আবেদনে উল্লেখ করেন হাসান ইমাম রুবেল।

তবে চিঠিটি কে বা কারা দিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীকে সরাসরি দায়ী না করে চিঠির উৎস এবং প্রেরক বা প্রেরকদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।

সাংবাদিক হাসান ইমাম রুবেল বলেন, পরিবার নিয়ে অনেক দিন পরে গ্রামের বাড়িতে এসেছি। ভোরে বাড়ির মূল ফটকের নিচ দিয়ে সাধারণ একটি খামে ‘তৌহিদী জনতা’র নামে একটি চিঠি রেখে যাওয়া হয়। বিষয়টি প্রশাসনকে অবহিত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। হুমকির চিঠির প্রকৃত উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে শনাক্ত করার দাবি জানাচ্ছি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, এ বিষয়ে হাসান ইমাম রুবেল ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ তার বাড়ি পরিদর্শন করেছেন। কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

হাসান ইমাম রুবেলকে দেওয়া চিঠির লেখা খবর সংযোগের পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

জনাব হাসান ইমাম রুবেল,

আমাদের সালাম গ্রহণ করুন। আশা করি আপনি ভালো আছেন। আমরা বেশ কিছুদিন ধরেই ফেইসবুকে আপনার স্ট্যাটাস, নানা মন্তব্য লেখালেখি পর্যালোচনা করছি। নিবিড় পর্যালোচনায় আমরা এ সিদ্ধান্তে উপনীতি হয়েছি আপনার স্ট্যাটাস ইসলাম ও দেশের সম্মানিত আলেম ওলামা বিদ্বেষী, যা আমাদের ভীষণভাবে ক্ষুব্ধ করেছে। এটা বোঝা যায় আপনি অত্যন্ত সচেতনভাবে ইসলাম ও আলেম ওলামাদের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই এসব করছেন।

আমরা খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি যে ছাত্র জীবনে বামপন্থী রাজনীতিতে জড়িত ছিলেন। তখন থেকেই আপনার অবস্থান ইসলামের বিরুদ্ধে। এমন কি নিজের সন্তানদেরও ইসলামি শিক্ষা থেকে বিরত রেখেছেন। সাংবাদিকতা ছেড়ে বিদেশে যাওয়ার পর আপনি আগের চেয়ে আরও বেশি করে ইসলাম বিদ্বেষী প্রচারণায় নেমেছেন।

সম্প্রতি আমরা জানতে পেরেছি আপনি দেশে এসেছেন। দেশে এসেও একই কাজ করছেন। তাই আপনাকে সর্তক করা আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। আপনি যদি এসব বন্ধ না করেন তাহলে প্রাণ নিয়ে ফিরতে পারবেন না। যেকোন উপায়ে আপনাকে কতল করা হবে। আমরা ইসলাম ও আলেমওলামাদের কোনো শত্রু রাখতে চাই না।

এই বার্তাকে শেষ সতর্কবার্তা হিসেবে বিবেচনা করুন। আপনার নিরাপত্তা সম্পর্কে সতর্ক থাকুন এবং বিষয়টিকে হালকাভাবে নেবেন না। মনে রাখবেন আপনার বিষয়ে আমাদের কাছে অনেক তথ্য আছে। ফেসবুকে হাসান ইমাম রুবেল হলেও আপনার অফিসিয়াল নাম মো. হাসান ইমাম ইবনে হাবীব।

আপনার মুভমেন্টে আমরা সবসময় নজর রাখছি। দেশে এলে ঢাকাতে আপনি কোথায় থাকেন, কী করেন, সেটাও আমরা খোঁজ রাখি। অতএব সাবধান।

বার্তা প্রেরক

তৌহিদী জনতা

এমইউ
আরও পড়ুন