সংস্কার হচ্ছে সাকিব আল হাসানের বাড়ি, তাহলে কি ফিরছেন তিনি?

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করছেন শ্রমিকেরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মাগুরার কেশব মোড় এলাকায় সরেজমিনে গেলে বিষয়টি দেখা যায়। বাড়িটির বাইরের দেয়ালে রঙের কাজ চলছিল। ভবনের বিভিন্ন অংশে শ্রমিকদের কাজ করতে দেখা গেলেও এ সময় সাকিবের পরিবারের কোনো সদস্য বা ঘনিষ্ঠ কাউকে সেখানে দেখা যায়নি।

কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তারা ভবনটির সংস্কারকাজ করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না কিংবা তার পরিবারের কেউ বাড়িতে আসবেন কি না, সে বিষয়ে তাদের কোনো তথ্য নেই।

শ্রমিকেরা আরও জানান, রঙের কাজ শেষ হওয়ার পর হামলায় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘর এবং জানালার ভাঙা কাচের কিছু অংশও মেরামত করা হতে পারে।

এর আগে গত ৬ আগস্ট রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি আগুন দেওয়া হয়। এতে ভবনের কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছিল পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন তখন জানিয়েছিলেন, হামলায় বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পুলিশের প্রাথমিক ধারণা ছিল, লোহার গেটের ওপর পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে ঘটনাস্থল থেকে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি।

হামলার প্রায় এক মাস পর বাড়িটির সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এদিকে আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে নেতাদের নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাগুরার সাবেক সংসদ সদস্যসহ কয়েকজন নেতাও এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

এ অবস্থায় সাকিব আল হাসানও দেশে ফিরতে পারেন কি না, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা দেখা যাচ্ছে। তবে তার দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তার নামও আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।

তবে মাগুরার বাড়িতে বর্তমানে চলা সংস্কারকাজের সঙ্গে সাকিব আল হাসানের দেশে ফেরার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এম.সি.এইচ
আরও পড়ুন