স্বামীর মৃত্যুর ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রী গ্রেপ্তার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

মাগুরার শ্রীপুরে রব্বি মন্ডল (৩৫) নামে এক বালু ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ফারজানা বেগমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমতৈল গ্রামের বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

নিহত রব্বি মন্ডল আমলসার ইউনিয়নের রাজাপুর গ্রামের নজরুল ইসলাম মন্ডলের ছেলে। প্রায় ১০ বছর আগে ফায়জার রহমানের মেয়ে ফারজানা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। প্রায় দুই বছর আগে রাজাপুর গ্রামের পশ্চিমপাড়ায় বাড়ি করে স্ত্রী ও সন্তানকে নিয়ে বসবাস শুরু করেন রব্বি।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, বৃহস্পতিবার রাতে বাড়ির বাইরে থাকার পর শুক্রবার ভোরে রব্বি বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন। পরে তাকে ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ফারজানার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পাঁচ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে তিনি বাবার বাড়ি চলে যান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ফারজানা বর্তমানে অন্তঃসত্ত্বা এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত। রব্বির মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ কারণে তিনি অনেক সময় বাড়ির বাইরে থাকতেন এবং অসুস্থ স্ত্রী ও সন্তানের যথাযথ যত্ন নিতেন না বলে স্থানীয়দের ভাষ্য। এ নিয়ে ফারজানার মধ্যে ক্ষোভ ছিল বলে জানা গেছে।

পুলিশের দাবি, ফারজানাকে তার বাবার বাড়িতে রক্তমাখা অবস্থায় দেখতে পান বাবা ফায়জার রহমান। পরে তিনি ফোন করে রব্বির বাবা নজরুল ইসলাম মন্ডলকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রব্বির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে ফারজানাকে তার বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের কাছে দেওয়া বক্তব্যে ফারজানা দাবি করেছেন, সংসারের প্রতি স্বামীর উদাসীনতা ও দায়িত্বহীনতায় ক্ষুব্ধ হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

নিহতের বাবা নজরুল ইসলাম মন্ডল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছেলে হত্যার বিচার দাবি করেছেন।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। স্ত্রী স্বামীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমসিএইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত