সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থী পেল আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে ৫০ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। ‘আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি-২০২৬’ প্রকল্পের আওতায় নির্বাচিত এসব শিক্ষার্থীর হাতে নগদ অর্থের চেক ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃত্তি প্রকল্পের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক আব্দুল লতিফ সরদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কল্যাণ ঘোষ, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, এডহক কমিটির সদস্য সমীর ঘোষ, সাংবাদিক আব্দুল মোমিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

আয়োজক সূত্রে জানা গেছে, ২০১৫ সালে চালু হওয়া এ বৃত্তি প্রকল্পের আওতায় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চলতি বছরও বিভিন্ন শ্রেণির ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে নিজ নিজ শ্রেণিতে প্রথম থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীরাও রয়েছে। প্রত্যেককে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক ও সম্মাননা সনদ দেওয়া হয়।

বৃত্তির অর্থ ও সনদ বিতরণকালে আব্দুল লতিফ সরদার বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যাতে পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই ২০১৫ সালে ব্যক্তিগত উদ্যোগে এই বৃত্তি কার্যক্রম শুরু করেন তিনি।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের নিয়মিতভাবে এ বৃত্তি দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এমন কার্যক্রম প্রশংসার দাবিদার। এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহ জোগাবে।

এম.সি.এইচ
আরও পড়ুন