শেরপুরে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৮ আগস্ট) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদ জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার পুলিশের একটি দল কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৭৬ হাজার টাকা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

MCH
আরও পড়ুন