বার্ধক্যে অসহায় সাজু-নূরজাহান দম্পতির পাশে বিএনপি নেতা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

জীবনের প্রায় ৭০ বছর একসঙ্গে কাটিয়েছেন শেরপুরের সাজু শেখ ও নূরজাহান। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, অভাব আর সন্তানদের দূরত্বে জীবনের শেষ সময়ে এসে অনেকটাই অসহায় হয়ে পড়েছেন এই বৃদ্ধ দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দুর্দশার ভিডিও ছড়িয়ে পড়ার পর তা দেখে রাতেই তাদের বাড়িতে ছুটে যান শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী।

শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের এই দম্পতির বিয়ে হয় প্রায় ৭০ বছর আগে। বিয়ের পর থেকে সাজু শেখের পৈতৃক ভিটাতেই বসবাস করছেন তারা। সংসারের খরচ চালাতে সাজু শেখ কাঁচামালের ব্যবসা করতেন। আয় সীমিত হলেও দীর্ঘ দাম্পত্যজীবনে তাঁরা একে অপরকে আঁকড়ে ধরে সংসার চালিয়েছেন।

দীর্ঘ সংসারজীবনে তাদের তিন ছেলে ও তিন মেয়ে। মেয়েদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। তারা মাঝেমধ্যে বাবা-মায়ের খোঁজ নেন। তিন ছেলের মধ্যে একজন করোনাকালে নিরুদ্দেশ হলেও মাঝে মাঝে খোঁজখবর রাখেন। আরেক ছেলে ঢাকায় রিকশা চালান এবং বছরে দু-একবার বাড়িতে আসেন। ফলে শেষ বয়সে এসে অনেকটাই একা হয়ে পড়েছেন সাজু শেখ ও নূরজাহান।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অসহায়ত্বের ভিডিও দেখে রাতে বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন বিএনপি নেতা হযরত আলী। এ সময় তিনি বৃদ্ধ সাজু শেখকে নিজ হাতে খাবার খাওয়ান। পাশাপাশি প্রয়োজনীয় বাজার-সদাই ও আর্থিক সহায়তা দেন।

হযরত আলী জানান, ভবিষ্যতেও তিনি নিয়মিত এই দম্পতির পাশে থাকবেন। তাদের মাসিক বাজার-খরচসহ নিত্যপ্রয়োজনীয় ব্যয় বহনের দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি।

এম.সি.এইচ
আরও পড়ুন