চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার যুবদল নেতা রবিউল হাসান সোহাগকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করেছে জামালপুর জেলা যুবদল।

জেলা যুবদলের সদস্য ও সহদপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা মেহেদী হাসান ইলি সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। বহিষ্কৃত রবিউল হাসান সোহাগ জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর চৌরাস্তা এলাকার বাসিন্দা। তিনি রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ছিলেন। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও সদস্যসচিব সোহেল রানা খান এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রবিউল হাসান সোহাগকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বহিষ্কৃত রবিউল হাসান সোহাগের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার রাতে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শাহিনুর রহমান তালুকদার। তিনি জানান, সোহাগ দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এলাকায় একটি চোরচক্র পরিচালনার অভিযোগও রয়েছে।

জেএম
আরও পড়ুন