সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ এএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে বৈরচুনা সীমান্তের বিপরীতে ভারতের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বসুদেবপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে আরও দুই বাংলাদেশি বিএসএফের হাতে আটক হয়েছেন।

নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। আটক ব্যক্তিরা হলেন—একই গ্রামের আহেদ আলীর ছেলে মুস্তাকিন (৩৮) ও মনশা চন্দ্র রায়ের ছেলে উদা চন্দ্র রায় (৩৫)।

সীমান্ত সূত্র জানায়, বৈরচুনা সীমান্তের ৩৩১ মেইন পিলারের কাছে ভারতের বিএসএফ ১২১ ব্যাটালিয়নের বসুদেবপুর ক্যাম্পের টহল দল পাহাড়ায় ছিল। রাতে কয়েকজন সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ গুলি চালায়।

গুলিবিদ্ধ আসাদুলকে মুমূর্ষু অবস্থায় ভারতের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন সীমান্তে হতাহতের খবরটি নিশ্চিত করেছেন। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এইচএন
আরও পড়ুন