এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শহরের ডা. শহীদ আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টির মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া, প্রশ্নপত্রে বিভিন্ন ত্রুটি এবং পরীক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলে কটূক্তি করার প্রতিবাদে তারা এ আন্দোলনে নেমেছেন। একই সঙ্গে তারা পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন পরীক্ষার্থী সজিব হোসেন, স্বপ্ন খাতুন, সিয়াম ও অনিক হোসেন। তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় তারা এইচএসসি পরীক্ষা বর্জনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ
১১ দফা দাবিতে চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলার মালিকদের মানববন্ধন
কিশোরগঞ্জে মাদক কারবারির কারাদণ্ড