বড়াইগ্রামে মহাসড়কে ট্রাকচাপায় টিকটকারের মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৯ পিএম

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আফরিন জাহান (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও নির্মাণ করতেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক আহত হয়েছেন। তবে দুর্ঘটনার আগে কী ঘটেছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা থাকলেও পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শুক্রবার ভোরে উপজেলার আগ্রান সুতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন জাহানের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলায়। আহতরা হলেন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী (১৮) এবং একই এলাকার জলিলের ছেলে পলক (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মেহেদী ও পলক বনপাড়া পৌর শহর থেকে আফরিন জাহানকে মোটরসাইকেলে করে গুরুদাসপুরের দিকে নিয়ে যান। শুক্রবার ভোরে ফেরার পথে আগ্রান সুতিরপাড় এলাকায় মোটরসাইকেল থেকে আফরিন সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে। আহত দুই যুবক স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফরিন জাহান কয়েক মাস ধরে বনপাড়া পৌর শহরে ভাড়া বাসায় থাকতেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতেন বলেও জানা যায়।

এদিকে, দুর্ঘটনার আগে আফরিন কোথায় ছিলেন এবং কী পরিস্থিতিতে ভোরে মোটরসাইকেলে ফিরছিলেন এসব বিষয় নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও প্রশ্ন তৈরি হয়েছে। তবে এসব বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মৃত্যুর কারণ এবং শরীরে কোনো ধরনের নির্যাতনের আলামত রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে মতামত চাওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত