সিরাজগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তানিয়া ইসলাম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. শাহ পরানের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন তানিয়ার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে নিজ ঘর থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তানিয়া ইসলাম উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামের মো. ছোরহাব আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মো. শাহ পরানের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা তাড়াশের বিষমডাঙ্গা গ্রামেই বসবাস করছিলেন।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে স্বামী-স্ত্রী প্রতিদিনের মতো নিজ কক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘরের ভেতরে তানিয়ার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, তানিয়াকে তার স্বামী শাহ পরান হত্যা করে পালিয়ে গেছেন। তবে কীভাবে বা কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

MCH/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত