লাইনচ্যুত সিল্কসিটি এক্সপ্রেসের উদ্ধারকাজ শুরু

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৬:৪১ পিএম

সিরাজগঞ্জে লাইনচ্যুত রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির উদ্ধারের কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হওয়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে ঈশ্বরদী (পাকশী) থেকে আসা রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হয়। এদিকে দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।

এদিকে মঙ্গলবার বেলা ১০টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জের সদানন্দপুর (শহীদ এম মনসুর আলী) স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর সিল্কসিটি এক্সপ্রেসসহ রংপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। তীব্র গরমের মধ্যে নারী, শিশু ও অন্যান্য যাত্রীকে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়। তবে চালক জরুরি ব্রেক প্রয়োগ করায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার প্রায় তিন ঘন্টা পর দুপুর ২টা ৫৫ মিনিটে ঈশ্বরদী (পাকশী) থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা কামাল। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেল সোয়া ৩টার দিকে ভারী ক্রেনের সাহায্যে লাইনচ্যুত পাওয়ার কারটি লাইনে তুলে জামতৈল স্টেশনের দিকে সরিয়ে নেওয়া হয়। রেল কর্মকর্তারা জানান, বগিটি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেললাইনের শতাধিক কংক্রিটের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ট্র্যাক মেরামতের কাজ চলছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশী বিভাগের ডিআরএমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্বের বিষয়ে জিএম ফরিদ আহমেদ বলেন, ঈশ্বরদী থেকে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল প্রস্তুত করে রওনা দিতে কিছুটা সময় লেগেছে। তবে খবর পাওয়ার পর থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়া হলেও ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামতের কাজ চলছিল। ট্র্যাক সচল হওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত