খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

নাটোরের বড়াইগ্রামে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৬২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বনপাড়া গির্জা মাঠে দিনব্যাপী এ সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা, বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার ড. শংকর ডমিনিক গমেজ, ভবানীপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ফ্রান্সিস দরেছ এবং বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত রোজারিও।

ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের কার্যক্রম, সমবায়ভিত্তিক আর্থিক ব্যবস্থাপনা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাধারণ সভায় প্রতিষ্ঠানের সদস্যরা অংশ নেন। এ সময় সমবায়ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় আন্দোলনকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় অতিথিরা সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের কার্যক্রম ও সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে এর ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির ৬২তম সাধারণ সভাকে ঘিরে বনপাড়া গির্জা মাঠে সদস্য ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সভায় ক্রেডিট ইউনিয়নের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সদস্যদের বিভিন্ন মতামত ও পরামর্শ উঠে আসে।

এম.সি. এইচ
আরও পড়ুন