নয় বছর পর এসিডদগ্ধ আমেনার মৃত্যু, থানায় অভিযোগ

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলার প্রায় নয় বছর আগে গোপনাঙ্গে এসিড নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত গৃহবধূ আমেনা খাতুন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শুক্রবার (২১ আগস্ট) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বিচার চেয়ে আবারও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের ভাই। এছাড়াও এ ঘটনায় নয় বছর ধরে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

নিহতের ভাই জাকির হোসেনের অভিযোগ, ২০১৭ সালে যৌতুকের টাকা না পেয়ে তাঁর বোনের ওপর এসিড নিক্ষেপ করা হয়। এদিকে এ ঘটনায় আদালতে মামলা হলেও দীর্ঘ সময়েও বিচার শেষ হয়নি।

থানায় দেওয়া অভিযোগে জাকির হোসেন উল্লেখ করেন, তাঁর বোন আমেনা খাতুনের বিয়ে হয়েছিল আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকার আফজাল হোসেন আপনের সঙ্গে। বিয়ের পর যৌতুকের টাকা চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও নির্যাতনের ঘটনা ঘটতো বলে অভিযোগ করা হয়। যৌতুকের দাবি পূরণ না হওয়ায় ২০১৭ সালের ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কমলাবাড়ীতে আমেনার বসতঘরের শয়নকক্ষে তাঁর গোপনাঙ্গে এসিড নিক্ষেপ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে বিভিন্ন সময়ে চিকিৎসা দেওয়া হয়। অবশেষে শুক্রবার  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

এরআগেও এসিড নিক্ষেপের অভিযোগ এনে আমেনার ভাই বাদী হয়ে লালমনিরহাট আদালতে সিআর মামলা করেন। অভিযোগে মামলার নম্বর ৫১/১৭ (আদিত) এবং তারিখ ২ সেপ্টেম্বর ২০১৭ উল্লেখ করা হয়েছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও আমেনার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ১২ আগস্ট তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ আগস্ট সকাল ১০টা ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর পর আমেনার মরদেহ তাঁর বাড়িতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর সঠিক কারণ নির্ণয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজিব জানান, হাসপাতালে ওই গৃহবধূ মৃত্যুর ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। মৃত্যুর সঠিক কারণ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

MCH
আরও পড়ুন