যুবককে অপহরণের পর সমকামে বাধ্য করায় গ্রেপ্তার ৪

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০১:৩৫ পিএম

রংপুর নগরীতে এক যুবককে অপহরণের পর সমকামে বাধ্য করার অভিযোগে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মহানগর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। 

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বৃহস্পতিবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন।  

গ্রেপ্তাররা হলেন– শুভ (১৮), নাইম (১৯), জিহাদ (১৮) ও কাদের (১৮)। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ রাতে রংপুর নগরীর সিটি বাজার এলাকা থেকে স্থানীয় কিশোর গ্যাং ও দুর্বৃত্তের একটি দল ২৫ বছরের ওই যুবককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তারা মোবাইল ফোন ও ঘড়ি ছিনিয়ে নেওয়ার পর মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে।

একপর্যায়ে অপহরণকারীরা যুবকের স্বজনের সঙ্গে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে সাড়ে ২৫ হাজার টাকা দায় করে। পুরো মুক্তিপণ না পাওয়ায় নাইম ও জিহাদ ভুক্তভোগীকে সমকামিতায় বাধ্য করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে। পরে তারা হুমকি দেয়, বাকি টাকা না পেলে ভিডিওটি অনলাইনে ছেড়ে দেওয়া হবে। এর কিছুক্ষণ পর ভুক্তভোগীকে ছেড়ে দেয় দলটি।

পরে থানা পুলিশ ও সেনাক্যাম্পে অভিযোগ করেন ভুক্তভোগী যুবক। এর পরিপ্রেক্ষিতে ৩০ ইস্টবেঙ্গল রেজিমেন্টের মেজর রেফায়েত ওসমানের নেতৃত্বে সেনা ও পুলিশের একটি যৌথ দল ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ পরিচালনা করে রংপুর নগরীর জুম্মাপাড়া সুইপার কলোনি এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আতাউর রহমান বলেন, গ্রেপ্তারদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

RA
আরও পড়ুন
সর্বশেষপঠিত