সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৫৭ পিএম

রংপুরের মিঠাপুকুরে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা করেছে সেনাবাহিনী। গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন।

এই দম্পতি রংপুর মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাটুল মিয়া (৪৫) ও তার স্ত্রী শাহেনা আক্তার (৪০)।

গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সেনাবাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামপুর বাইশা পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত দম্পতির বাড়ি থেকে ১৪২ লিটার দেশীয় মদ (চোয়ানি), ৯টি বোতলজাত মদ, ৭৫০ গ্রাম মদ তৈরির পাউডার, মদ তৈরির সরঞ্জাম, ৩টি মোবাইল ফোন ও নগদ ১২০০ টাকা জব্দ করা হয়। অভিযানে সেনাবাহিনীর সাথে মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

সেনাবাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান জানান, বাটুল মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় আগের চারটি মাদক মামলা রয়েছে। আসামি ও জব্দকৃত মালামাল মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

MMS
আরও পড়ুন