হবিগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে খোয়াই নদীর পানি বিপৎসীমার অনেক ওপরে ওঠায় সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে প্রায় ৫০ ফুটজুড়ে বাঁধ ধসে লোকালয়ে পানি প্রবেশ করলে অন্তত ২০ থেকে ২৫টি গ্রাম প্লাবিত হয়। এতে ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে জনজীবন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিনভর খোয়াই নদীর পানি বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করছিল। রাতের দিকে সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় হঠাৎ বাঁধে ভাঙন দেখা দেয়। মাত্র আধাঘণ্টার মধ্যে প্রায় ৫০ ফুট এলাকা ধসে গেলে দ্রুত আশপাশের গ্রামগুলোতে পানি ছড়িয়ে পড়ে।
ভাঙনের ফলে লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ, চরহামুয়া, আদ্যপাশা, বনগাঁও, কালীগঞ্জ, সুঘর ও কটিয়াদিসহ আশপাশের অন্তত ২০ থেকে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। হাজারো পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অনেকেই গবাদিপশু নিয়ে নদীর বাঁধ, উঁচু সড়ক ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
লস্করপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাহেব আলী জানান, রাত ১০টা পর্যন্ত অন্তত দুই হাজার পরিবারের বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। অধিকাংশ বাড়িতে কোমরসমান পানি উঠেছে, ফলে বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন।
বন্যার কারণে কয়েক হাজার একর ফসলি জমিও পানির নিচে তলিয়ে গেছে। এতে স্থানীয় কৃষিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বাড়িঘর প্লাবিত হওয়ায় অনেকে লস্করপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি ২৩ দশমিক ২০ মিটার রেকর্ড করা হয়, যা বিপৎসীমার ২২০ সেন্টিমিটার ওপরে। একই সময়ে হবিগঞ্জ সদর পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার এবং আজমিরীগঞ্জ পয়েন্টে কালনী-কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। সুতাং নদীতেও পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপরে ছিল।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মতে, উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরও নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে বন্যার শঙ্কা
রাঙামাটিতে তলিয়ে গেছে ৩০ গ্রাম : পানিবন্দি ২০ হাজার মানুষ
বাসাইলে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার