ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পালিয়ে যায় তারা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে সুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, একদল ডাকাত গাছ কেটে রাস্তা অবরোধ করে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন সংবাদ পান হবিগঞ্জ ব্যাটালিয়নের ৫৫ বিজিবি। ব্যাটালিয়ন সদর থেকে ওয়ারলেস বার্তা সীমান্ত সংলগ্ন তেলিয়াপাড়া বিওপিতে পাঠানো হলে হাবিলদার শামীম আহমেদের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দ্রুত পিকআপ যোগে ঘটনাস্থলে পৌঁছে যায়। একই সময়ে মাধবপুর থানাধীন হরষপুর-তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ইন্সপেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে যোগ দেয়।
এ সময় এলাকাবাসীর সহযোগিতা এবং বিজিবি ও পুলিশের দ্রুত তৎপরতায় একটি সম্ভাব্য বড় ধরনের ডাকাতির ঘটনা প্রতিহত করা সম্ভব হয়। পরে বিজিবি ও পুলিশ স্থানীয়দের সহায়তায় রাস্তার গাছের কাটা অংশ সরিয়ে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়ায় বাড়িতে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি, বৃদ্ধাকে হত্যা
