প্রধানমন্ত্রীর নিরাপদ বাসভবন নিশ্চিতে সরকারকে লিগ্যাল নোটিশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য একটি স্থায়ী, নিরাপদ এবং মর্যাদা সম্পন্ন সরকারি বাসভবন নিশ্চিত করার দাবি জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বগুড়া ইউনিটের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস আলী মন্ডল জনস্বার্থে রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।

নোটিশটি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, সংসদ বিষয়ক সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি)। নোটিশে অবিলম্বে এ বিষয়ে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে; অন্যথায় উচ্চ আদালতে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাদুঘরে রূপান্তর করা হয়েছে। তবে বর্তমান প্রধানমন্ত্রীর জন্য একটি উপযুক্ত ও নিরাপদ আবাসন নির্ধারণ বা সংস্কারের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এখনো কোনো জোরালো পদক্ষেপ দৃশ্যমান নয়।

আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল বলেন, ‘রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা, রাষ্ট্রীয় মর্যাদা ও সুষ্ঠু কার্যক্রম পরিচালনার জন্য একটি আনুষ্ঠানিকভাবে নির্ধারিত নিরাপদ বাসভবন থাকা জাতীয় গুরুত্বের বিষয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা সাধারণ নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’

উল্লেখ্য, বর্তমানে প্রধানমন্ত্রী অস্থায়ীভাবে একটি বাসভবন থেকে তার দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। নোটিশে দ্রুততম সময়ের মধ্যে তার জন্য একটি স্থায়ী ও সুরক্ষিত ঠিকানার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

NB/AHA
আরও পড়ুন