রামিসা হত্যা মামলা

চার্জশিট গ্রহণ করে ট্রাইব্যুনালে বদলি, আজই চার্জ গঠন শুনানি

আপডেট : ২৪ মে ২০২৬, ০৫:১০ পিএম

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে মামলাটি দ্রুত বিচার ও নিষ্পত্তির লক্ষ্যে ‘শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে’ বদলি করা হয়েছে।

রোববার (২৪ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের পর আজ বিকেলেই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান সিএমএম আদালতের প্রসিকিউশন বিভাগে অভিযোগপত্রটি দাখিল করেন। এতে প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, সোহেল রানার বিরুদ্ধে সরাসরি শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে এই জঘন্য কাজে সহায়তা করার অভিযোগ তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে।

নৃশংস এই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে পুলিশ জানায়, গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসার মাথাবিহীন দেহ এবং বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। ঘটনার পর রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে মামলা করেন।

পুলিশি তৎপরতায় হত্যাকাণ্ডের একদিন পরই প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার হয়। গত ২০ মে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন। 

FJ
আরও পড়ুন