জুলাই হত্যার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৯ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, দ্বিতীয় দফায় মোট ১২ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক। এদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন, রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ওইদিন সন্ধ্যায় আসামির সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয় আদালত। পরে দ্বিতীয় দফায় গত ২৪ নভেম্বর আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি সাঈদ খোকন।
বিজয় দিবসে আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট