ছাত্র-জনতার আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট ঢাকার মিরপুরে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলার শুনানির এক পর্যায়ে কাঁদলেন এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
হাত উঁচিয়ে কাঁদতে কাঁদতে হাতকড়া দেখিয়ে তিনি বলেন, ‘এটা কি মুক্তিযুদ্ধের অলঙ্কার। এ জন্যই কি মুক্তিযুদ্ধ করেছিলাম।’
পরে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ‘আপনাদের কারণে মুক্তিযুদ্ধ কলঙ্কিত হয়েছে। নিজেদের আর মুক্তিযোদ্ধা বলে পরিচয় দেবেন না। এ পরিচয় আপনাদের মানায় না।’
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম ফারহান ইসতিয়াকের আদালতে তারা এসব কথা বলেন।
শুনানিতে কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমি সব সময় আন্দোলনকারীদের পক্ষে বলেছি। শেখ হাসিনাকে বলেছি, দাবি মেনে নেন। যার কারণে আমার গণভবনে যাওয়া নিষিদ্ধ ছিল।
তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নির্যাতন করা হচ্ছে। এই সরকারের উদ্দেশে বলতে চাই, দেশে আইনের শাসন থাকলে এমনটা হতো না। মামলা করছে, বাদীর খবর নেই। একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে। পরিবারের সদস্যদেরও নির্যাতন করছে। তারা বাড়িতে থাকতে পারছে না। জায়গা-জমি দখল করে নিচ্ছে। মিথ্যা মামলা দিচ্ছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা।’
পরে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ‘তিনি একজন ব্যবসায়ী, রাজনৈতিক নেতা না। রাজস্ব ফাঁকি দিতে রাজনীতিতে নাম লেখান। এলাকায় অবৈধভাবে বিশাল ব্যবসা তৈরি করে নিয়েছেন। আন্দোলনের সময় মিরপুরে জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে। মনে হচ্ছে, তিনি কোনও নতুন গ্রহ থেকে এসেছেন।’
এরপর কামাল আহমেদ মজুমদারের বক্তব্যের জবাব দেন তিনি। বাদীর খবর নাই বিষয়ে বলেন, ‘এখন বাদী আসবে কেন। বিচারের সময় বাদী আসবেন।’
মিথ্যা মামলার বিষয়ে বলেন, ‘এমন নিষ্ঠুর, নির্মমভাবে বাচ্চাদের খুন করা হয়েছে আর তিনি বলছেন মিথ্যা মামলা করা হয়েছে। ইসরায়েলের গাজায় মুসলিমদের ওপর হেলিকপ্টার থেকে গুলি করেছে। তারাও তাই করেছে। পেট্রোল দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে। আর তিনি বলছেন মিথ্যা মামলা।’
এ সময় সাবেক এ মন্ত্রী বলেন, ‘আমি সব সময় আন্দোলনকারীদের পক্ষে বলেছি। শেখ হাসিনাকে বলেছি, দাবি মেনে নেন। বারবার বলেছি। যার কারণে আমার গণভবনে যাওয়া নিষিদ্ধ ছিল। আর চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, সরকারি জমি দখল করিনি বা কোনো জমি বরাদ্দ নেইনি। এক টাকারও অন্যায় সুবিধা নেইনি।’
আবারও রিমান্ডে সালমান-আনিসুল-দীপু মনি
