পদত্যাগ করেননি ঢাবি ভিসি, গণমাধ্যমের খবরকে ‘ভুল ব্যাখ্যা’ বলছে প্রশাসন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরকে ‘ভুল ব্যাখ্যা’ হিসেবে অভিহিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই স্পষ্টীকরণ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্য মহোদয়ের বক্তব্য বেশ কিছু গণমাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি এখনই পদত্যাগ করছেন-এমন খবর বাস্তবসম্মত নয় এবং তার বক্তব্যের সঙ্গে এর কোনো মিল নেই।

এর আগে দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, তিনি এখনই পদত্যাগ করছেন না। তবে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেছেন। তিনি বলেন, ‘আমি ২০২৪ সালের আগস্টে একটি বিশেষ পরিস্থিতিতে ছাত্রদের অনুরোধে এই দায়িত্ব গ্রহণ করেছিলাম। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা ফিরে এসেছে। তাই একটি নির্বাচিত রাজনৈতিক সরকার আসার পর তারা যেন নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে, সেই সুযোগ দিতেই আমি শিক্ষকতায় ফিরে যেতে চাই।’

অধ্যাপক নিয়াজ আহমদ খান জোর দিয়ে বলেন, তিনি হঠাৎ পদ ছেড়ে কোনো প্রশাসনিক শূন্যতা বা অচলাবস্থা তৈরি করতে চান না। সরকার ও চ্যান্সেলর চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। তিনি এরই মধ্যে রাষ্ট্রপতি বরাবর তার ডেপুটেশন প্রত্যাহারের আবেদন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যাতে তিনি তার মূল কর্মস্থল উন্নয়ন অধ্যয়ন বিভাগে ফিরে যেতে পারেন।

সংবাদ সম্মেলনে তিনি তার মেয়াদের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। এর মধ্যে টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে প্রায় ২০০ ধাপ উন্নতি, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ১৬০ শতাংশ বৃদ্ধি এবং ২ হাজার ৮৪১ কোটি টাকার বৃহৎ অবকাঠামো প্রকল্প অনুমোদনের বিষয়গুলো উল্লেখযোগ্য। উপাচার্য জানান, দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রমের পর এখন তিনি কিছুটা বিশ্রাম এবং শিক্ষকতায় মনোযোগ দিতে আগ্রহী।

FJ
আরও পড়ুন