স্টুডেন্ট ব্যাংকিংয়ে বাড়লো শিক্ষার্থীদের লেনদেনের সুবিধা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালায় ‘স্টুডেন্ট ব্যাংকিং’ সেবায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে অনূর্ধ্ব ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা এই বিশেষায়িত অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন। আগে এই বয়সসীমা ছিল কেবল ১৮ বছর পর্যন্ত। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

নতুন নির্দেশনায় জানানো হয়েছে, দীর্ঘদিনের প্রচলিত ‘স্কুল ব্যাংকিং’ সেবার নাম পরিবর্তন করে এখন থেকে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ রাখা হয়েছে। শুধু বয়সসীমা নয়, শিক্ষার্থীদের লেনদেনের সুবিধার্থে নীতিমালায় আরও বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।

আগে স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে শুধু ডেবিট কার্ড ব্যবহারের সুযোগ থাকলেও এখন থেকে শিক্ষার্থীরা ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা পাবেন। এ ছাড়া এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সীমাও বাড়ানো হয়েছে। বর্তমানে একজন শিক্ষার্থী মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা উত্তোলন করতে পারবেন। তবে অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা পর্যন্ত করা যাবে, যা আগে ছিল মাত্র ৫ হাজার টাকা।

নতুন নীতিমালা অনুযায়ী, এসব অ্যাকাউন্টে মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জমা রাখা যাবে এবং অ্যাকাউন্টের সর্বোচ্চ স্থিতি হতে পারবে ৩ লাখ টাকা।

বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে এখন আর আলাদা করে ‘স্টুডেন্ট ফাইল’ বা নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। বিদ্যমান স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টটিই বিদেশে লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার আওতায় আসা আরও সহজ হবে এবং তাদের আর্থিক ব্যবস্থাপনা আরও আধুনিক হবে।

DR/AHA
আরও পড়ুন